এক অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। ওই বৃদ্ধার নাম মঞ্জুরি দাস(৯০)। বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের অন্তর্গত নলডুবি গ্রামে। বৃহস্পতিবার মঞ্জুরিদেবী তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন মালদা থানায়। প্রশাসনের কাছে তার দাবী, তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে দিয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিক প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গেছে, মঞ্জুরি দেবীর দুই কন্যা ও দুই পুত্র রয়েছে। সকলের বিয়ে হয়ে গেছে। বিগত পাঁচ বছর আগে মঞ্জুরিদেবীর স্বামী মারা যায়। তারপর থেকে তার দুই পুত্র ও পুত্রবধূ তার উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ। ঠিকমত খেতে দিত না, অসুস্থ অবস্থায় তার চিকিৎসাও করত না বলে অভিযোগ করেন মঞ্জুরিদেবী। এমনকি তার সম্পত্তিও জোর করে তার ছেলেরা নিজের নামে করে নেয়। গত বৃহস্পতিবার মঞ্জুরিদেবীকে বাড়ি থেকে বের করে দেয় তার দুই ছেলে। এরপর থেকে তিনি বাড়ির বাইরে থাকতে বাধ্য হন। কেউ তার খোঁজ-খবর নিতে আসত না বলে জানা যায়। খবর পেয়ে তার মেয়েরা এসে তাকে নিয়ে যায়। এই ঘটনার সপ্তাহ খানেক বাদে এদিন তিনি মালদা থানায় দ্বারস্থ হয়। সেখানে লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে অসহায় বৃদ্ধা মজুরী দাস জানিয়েছেন, তার দুই ছেলে। তারা তাকে বাড়ি থেকে বের করে দেয়। তার থাকা খাওয়ার দায়িত্ব কে নেবে। এই চিন্তাভাবনা নিয়ে তিনি মালদা থানায় দ্বারস্থ হন। যাতে প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।